রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন ভারত বিরোধীতাকে সামনে আনছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন পাকিস্তানি কায়দায় আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন।
শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, বিএনপি এখন কোন ইস্যু না পেয়ে ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে দলটির নেতাদের নিজেদের মধ্যেই মতভেদ সৃষ্টি হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বন্ধু রাষ্ট্র ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারত পাশে ছিলো। দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করেছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।
