এনআরবি সাফল্য

বাইডেন প্রশাসনের মর্যাদাসম্পন্ন পর্ষদের সদস্য হলেন ড. ওসমান সিদ্দিকী

post-img

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের গর্ব করে বলার মতো আরও একটি অর্জনের খবর এলো শুক্রবার, ২২ মার্চ। এই দিন হোয়াইট হাউজ ঘোষণা করলো, বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদ ড. এম. ওসমান সিদ্দিকী ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

চেয়ারম্যান হিসাবে এই বোর্ডের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। আর এর স্থায়ী সদস্যরা হলেন, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা পরিচালক, এবং মানবতা বিষয়ক জাতীয় কমিটির প্রধান।

প্রেসিডেন্ট জো বাইডেন এই নিয়োগ দেন। ড. ওসমান সিদ্দিকী ছাড়া আরও ছয় জন এই মর্যাদাসম্পন্ন হাই প্রোফাইল বোর্ডটির সদস্য নিযুক্ত হলেন। তবে তাদের এই নিয়োগ কোনো সরকারি চাকরি নয়। এটি উচ্চ ক্ষমতার পরামর্শকের দায়িত্ব।

নিয়োগ পাওয়ার পর এনআরবিসি টিভিকে পাঠানো এক প্রতিক্রিয়ায় ড. ওসমান সিদ্দিকী বলেন, “আমি খুবই সম্মানিত বোধ করছি যে প্রেসিডেন্ট জো বাইডেন আামাকে এমন মর্যাদাসম্পন্ন একটি সংগঠন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্ষদের সদস্য করেছেন।”

ড. এম ওসমান সিদ্দিকী একজন সাবেক কূটনীতিক এবং বর্তমানে মার্কিন রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৯ সালে প্রেসিডেন্ট ক্লিনটন তাকে ফিজি, টোঙ্গা, টুবালু এবং নাউরু নামক দ্বীপ রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ২০০০ সালে ফিজির অভ্যুত্থানের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা ও দেশটির পুনর্বাসনে বিশেষ ভূমিকা পালন করেন ড. ওসমান। তিনি হচ্ছেন প্রথম আমেরিকান মুসলিম কূটনৈতিক যিনি অন্য দেশে কোনো মার্কিন মিশন প্রধানের ভূমিকা পালন করেন।

ওসমান সিদ্দিকী উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাষ্ট্রে আসেন সত্তর সালের আগে। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কেলি স্কুল অফ বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর, যোগ দেন একটি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিতে। অল্প সময়ের মধ্যে তিনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হন এবং আবির্ভূত হন একজন সফল ব্যবসায়ী হিসেবে।

এরপর তিনি সিনেটর টেড কেনেডির অধীনে ডেমোক্রেটিক পার্টি এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। ২০১১ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ট্রাস্টি হিসেবে নিয়োগ দেন হাওয়াইর হনলুলুতে ইস্ট ওয়েস্ট সেন্টারের বোর্ড অব গভনর্রসে। বর্তমানে ড. সিদ্দিকী বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার কৌশলগত উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজ করছেন আটলান্টিক কাউন্সিলসহ একাধিক বোর্ডে অনাবাসী সিনিয়র ফেলো হিসাবে।

বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহনকারী ড. এম. ওসমান সিদ্দিকী বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ম্যাকলিন এলাকায় বসবাস করছেন। বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছোট ভাই ড. এম ওসমান সিদ্দিক। আর তার বাবা ড. ওসমান গণি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিসি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.