মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেওয়া নাগরিক গণ সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, একজন তিনশ কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন। দুই বছর মামলা চালিয়ে আমি গতকাল উচ্চ আদালত থেকে রায় পেয়েছি এই তিনশ কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে। এর দুইমাস আগে হোটেল শেরাটন নির্মাণের জন্য নুর আলীর বোরাক রিয়েল এস্টেট নামের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে সাতশ কোটি টাকা আটকিয়ে রেখেছিলেন। আমি মামলা করার পর বাধ্য হয়ে তারা সেই সাতশ কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছেন। আপনি বাংলাদেশের মতো একটি যদি দেশকে যদি ১ হাজার কোটি টাকা দিতে পারেন তাহলে স্বাভাবিক ভাবেই সরকারের কাছ থেকে একটি পুরস্কার আশা করতেই পারেন। কিন্তু আমার ১৪ বছরের কর্মকাণ্ডে পুরস্কার তো দূরের কথা ভালোভাবে স্বীকৃতিটুকুও পাইনি।
তিনি বলেন, মানুষ যেখানে সম্মান দেয় না সেখানে সম্মান দেয় স্বয়ং বিধাতা। এটার প্রমাণ দিয়েছে আমার এলাকার মানুষ। একজন রানিং মিনিস্টারের বিরুদ্ধে আমাকে ১ লাখ ভোটে পাশ করিয়েছে এলাকার ভোটাররা।
ব্যারিস্টার সুমন দুঃখ প্রকাশ করে বলেন, সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ করেছি তবুও আমি এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার দলের লোকেরাই এখন বলেন ‘আরে ও তো স্বতন্ত্র’।
তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য দুই মাসে ২৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। গত ৫০ বছরে কোনো এমপি জনগণকে বলেননি ২০ কোটি বা ২৯ কোটি টাকা পেয়েছেন।
ব্যারিস্টার সুমন বলেন, আমি যেটা বরাদ্দ পেয়েছি এটা তো আমার বাপের টাকা না। এটা আমার এলাকার সাড়ে ৬ লাখ মানুষের টাকা। মানুষ তখনই টাকার কথা লুকায়, যখন টাকা মারার ধান্দা থাকে।
তিনি মার্কিন রাজনীতিবিদদের উদাহরণ টেনে জানান, সেখানে কোনো তহবিল তছরুপের ঘটনা থাকলে তারা পদত্যাগ করেন। এছাড়া তিনি মার্কিনীদের মতো আন্তর্জাতিক মানের রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করতে চান।
মইনুল ইসলামের সঞ্চালনায় ওই সংবর্ধনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, এম এ আজিজ, অ্যাটর্নি ব্রুস ফিসার, মিজানুর রহমান শেফাজ, হেলাল চৌধুরী ও এম উদ্দিন আলমগীর প্রমুখ।
