জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে দুইটি মাঠ ২৫ বছরের জন্য লিজ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশের মাঠটি আগামী ২৫ বছরের জন্য বাফুফে ব্যবহার করার সম্মতি পেয়েছে। আজ ক্রীড়া পরিষদের অফিসে দুই পক্ষের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়। এই দুটি মাঠ জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে লিজ নিয়ে বাফুফে ব্যবহার করে আসছে। তবে এই দুইটি মাঠের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আবারও লিজের জন্য আবেদন করে।
জাতীয় ক্রীড়া পরিষদ সেই আবেদন পর্যালোচনা করে মঞ্জুর করেছে। বাফুফের কর্তকর্তারা আশা করছেন,ফিফা ফরোয়ার্ড-৩ প্রকল্পের অধীনে নতুন বছরের ফেব্রুয়ারিতে দুই মাঠে টার্ফ বসানোর কাজ শুরু হতে পারে।
