বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি দেশগুলোরমানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে মাথাপিছু জিডিপির সমন্বয় করে এ তালিকা প্রকাশ করেছে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএমএফের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্বের শীর্ষ দরিদ্র দেশগুলোর ১০টিই আফ্রিকার। এ তালিকায় একদম প্রথমে রয়েছে দক্ষিণ সুদান। এ ছাড়া অন্য ৯টি দেশ হচ্ছে—বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার।
আইএমএফ জানিয়েছে, এই তালিকা তৈরি করতে জিডিপি ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া হয়েছে। বেশ কিছু দেশের প্রচুর বৈদেশিক সম্পদ থাকা সত্ত্বেও তারা চরম দারিদ্রের মধ্যে ডুবে আছে।
দারিদ্রের শীর্ষে থাকা দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। তবে দেশটিতে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। স্থানীয়দের মধ্যে অব্যাহত সংঘর্ষ ও অপ্রতুল অবকাঠামোর কারণে দেশটিতে জীবনযাত্রার মান খুবই নিম্ন।
দরিদ্র দেশের তালিকায় থাকা অন্যান্য দেশগুলোতেও সংঘর্ষ, অবকাঠামোগত দুর্বলতা, অনাধুনিক কৃষিব্যবস্থা, জনসংখ্যার আধিক্য ও তীব্র খাদ্যসংকট রয়েছে। কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় বড় দেশগুলোও দারিদ্রের কষাঘাতে জর্জরিত।
আইএমএফ আরও জানিয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে দারিদ্র্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইয়েমেন। তবে দেশটিতে চলমান সংঘাতের কারণে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইএমএফ।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্র দেশগুলোর দারিদ্র্যের কারণ খুঁজে বের করা এবং তা বিশ্ববাসীকে জানানোই এ তালিকার মূল উদ্দেশ্য। সংস্থাটি মনে করে, দরিদ্র দেশগুলোর দারিদ্র্য দূর করতে হলে অবকাঠামোগত উন্নয়ন, অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং রাজনীতিতে স্থিতিশীলতা আনা জরুরি।
