রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অবৈধভাবে বসানো ছাগলের হাট উঠিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের তৎপরতায় দিনের ব্যবধানে হাটটি উচ্ছেদ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, ছাগলের হাট বসানোর নেপথ্যে থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। এ ঘটনায় হাসিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- পারভেজ আহমেদ (৩০) ও মো. ফাহিম (২২)।
রোববার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান।
তিনি বলেন, টাউন হল এলাকার ফুটপাতে অবৈধভাবে ছাগলের হাট বসানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে সেখান থেকে হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে কোনো হাট নেই এবং পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় আমরা ওই ছাগলের হাট থেকে হাসিলসহ দুই যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
