সংলাপে বসার এখন আর কোন সুযোগ নেই, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন। এর আগে, শর্তহীন সংলাপে বসার আহবান জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠি হস্তান্তর করেন পিটার হাস। চিঠির বিষয়ে দলীয়প্রধান শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
এসময় জাতীয় নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি পৌঁছে দেন তিনি।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের এখন আর কোন সুযোগ নেই।
তবে চিঠিটির বিষয়ে দলীয় সভাপতিকে অবগত করবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, মার্কিন রাষ্ট্রদুত পিটার হাস সাংবাদিকদের জানান, আগামী নির্বাচনে তার দেশ কারো পক্ষে নয়। যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
