অভিষেক হয়ে গেলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন কার্যনির্বাহী কমিটির। ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে চমকপ্রদ আয়োজনে সম্পন্ন হয় এই অভিষেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সালমান এফ রহমান। আর নসরুল হামিদ দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে বেসিসের নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
এবারের কমিটিতে সভাপতি হিসেবে শপথ নিলেন টিম ক্রিয়েটিভ ও ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। গিগা টেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা দায়িত্ব নিয়েছেন সিনিয়র সহ-সভাপতির। এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ খান সহ-সভাপতি (প্রশাসন) এবং পাঠাও লিমিডেড'র ব্যবস্থাপনা পরিচালক ফাহিম সহ-সভাপতি (অর্থ) হিসেবে অভিষিক্ত হন।
১১ সদস্যের এই কমিটিতে আরো যারা অভিষিক্ত হলেন তারা হচ্ছেন, টেকনো হেভেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ নেয়ামুল করিম, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, ড্রিম ৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির, টেকনোগ্রাম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু, অ্যাডভান্সড ইআরপি(বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, ড্রিমাজ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানভীর হোসেন খান ও মাস্টারকার্ড বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
নতুন কমিটির সদস্যদের শপথ পাঠ করান বেসিসের প্রথম সভাপতি। শপথের পর নতুন সভাপতি তার বক্তব্যে বলেন, বেসিসের সকল সদস্যকে পাশে নিয়ে একযোগে কাজ করবেন। এবং দেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সচেষ্ট থাকবেন।
পিপলএনটেকের অভিনন্দন
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আমেরিকান প্রযুক্তিবিদ পিপলএনটেকের সিইও আবুবকর হানিপ ও তার স্ত্রী এবং পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। নতুন নির্বাচিত ও অভিষিক্ত নতুন কমিটির সদস্যদের তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবুবকর হানিপ বাংলাদেশেও তার প্রতিষ্ঠিত পিপলএনটেকের কার্যক্রম বিস্তার করেছেন। পিপলএনটেক দেশে বেসিসের অন্যতম একটি সদস্য প্রতিষ্ঠান।
