বাংলাদেশ

শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সম্পর্কে যা বললেন মন্ত্রী

post-img

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন আমাদের মহান স্বাধীনতা দিবস আগামী ২৬-শে মার্চের মধ্যেই শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বুধবার রায়েরবাজারে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহিদ হয়েছেন। সমাজে সবাই বুদ্ধিজীবী হন না। শহিদ বুদ্ধিজীবীদের তালিকা করতে জাতীয়ভাবে কমিটি করা হয়েছে। একটি তালিকা করা হয়েছে। শতাধিক নতুন আবেদন পাওয়া গেছে। আশা করছি, ২৬ মার্চের মধ্যেই শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব।

তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী কতটা নিষ্ঠুর, নির্মম ছিল, তা স্মৃতিসৌধে এলে বোঝা যায়। বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে— এ রাষ্ট্র যাতে ব্যর্থ রাষ্ট্র হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী দল, তারা স্বাধীনতার সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। তাই এ দেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

এর আগে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.