সংযুক্ত আরব আমিরাত সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মানুষা নানায়াক্কারার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বেলা ১১টায় দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দেশের মিশন কর্মকর্তাসহ বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এশিয়ার শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও সুন্দর অভিবাসনের লক্ষ্যে একযোগে কাজ করার কথা জানান দুই দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের জন্য সহযোগী অর্থনীতি এবং সামাজিক উন্নয়নবিষয়ক সংগঠন ‘কলম্বো পরিকল্পনা’ আরও কার্যকর করার ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে সৌহার্দপূর্ণ আলোচনার বিষয়টিও উঠে আসে সৌজন্য সাক্ষাতে।
এসময় শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশের নির্বাচন পরবর্তী নবগঠিত সরকার ও নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে পাওয়া ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার ঋণের বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলঙ্কার শ্রমমন্ত্রী। দেশের অর্থনৈতিক সংকটকালে ওই ঋণ তাদের উপকারে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাইস্থ শ্রীলঙ্কান কনস্যুলেটের কনসাল জেনারেল অ্যালেক্সি গুনাসেকারা, সেদেশের বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর চেয়ারম্যান আব্দুল আজিজ মোহামেদ হিলমে ও প্রতিমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দুবাইয়ে চলমান সপ্তম আবুধাবি ডায়ালগে যোগদানের লক্ষ্যে পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত আছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রী পর্যায়ের এই পরামর্শ সভায় বাংলাদেশ ছাড়াও আবুধাবি সংলাপের সদস্যভুক্ত আরও ১৫টি দেশ অংশগ্রহণ করেছে।
