ফেসবুকে পোস্ট দিয়ে কুয়েতে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দেশটির অফরা অঞ্চলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের নাম মোহাম্মদ রাফি ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শহরের ফুলবাড়িয়া এলাকার ফারুক মিয়ার ছেলে।
খবর পেয়ে স্থানীয় আইন শৃঙ্খলা-বাহিনী তার মরদেহ উদ্ধার করে। মরদেহ কুয়েতের ফরওয়ানিয়ার সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
তার সহকর্মীরা এই খবর নিশ্চিত করে জানান, চলতি বছরের মার্চ মাসে কুয়েতের কৃষি অঞ্চল অফরায় যান রাফি। তিনি তার ফেসবুকে ‘মুক্তির পথে যাত্রী হলাম, মানসিক শান্তির খুব অভাব’ লিখে একটি পোস্ট করেন। এরপর তার ফাঁস দেওয়ার ঘটনা ঘটে।
ওদিকে, ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটির রুয়ি হামিরিয়া এলাকায় গত রবিবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ মোরশেদ (২২)। তিনি হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম এনায়েতপুর গ্রামের সিকদার পাড়ার হাদু গাজীর বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।
তার পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে, মোরশেদ গত ছয় বছর আগে ওমান গিয়েছিলেন। এই সময়ের মধ্যে একবারও বাড়িতে আসেননি। সামনের বছর তার বাড়িতে আসার কথা ছিল।
পাঁচ ভাই-বোনের মধ্যে মোহাম্মদ মোরশেদ ছিলেন দ্বিতীয়। তার মরদেহ রুয়ি হামিরিয়া এলাকায় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।
