আন্তর্জাতিক

সমালোচনা ও বিতর্কের মুখে ‘গরুকে আলিঙ্গনের’ আহ্বান প্রত্যাহার

post-img

ভারতে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ‘গরুকে আলিঙ্গনের‘ আহ্বান জানিয়েছিল দেশটির পশুকল্যাণ বোর্ড। তবে ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে সেই আহ্বান প্রত্যাহার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার (৮ ফেব্রুয়ারি) গরুকে ভালোবেসে ‘জড়িয়ে ধরার’ অনুরোধ জানিয়ে ভারতের পশুকল্যাণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিদ্রূপ-উপহাস চলতে থাকে। এমন অবস্থায় নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে পশুকল্যাণ বোর্ড আগের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিয়েছে।

বোর্ডের সেক্রেটারি এস কে দত্ত স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষ এবং মৎস্যসম্পদ ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় পশুকল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি ‘গরুকে আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের যে আহ্বান জানিয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে।

এর আগে ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গন দিবস হিসেবে পালনের জন্য পশুকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মন খুশি থাকবে।

এতে আরও বলা হয়, পাশ্চত্য সংস্কৃতির প্রভাবে দেশীয় রীতিনীতি প্রায় বিলুপ্তির পথে। ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড হচ্ছে গরু। জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। পাশ্চাত্যনীতি থেকে ভারতবাসীকে সরিয়ে আনতেই এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছিল।

কিন্তু এসবের মধ্যেই অনেকে প্রশ্ন তুলছিলেন, গরুকে জড়িয়ে ধরতে গেলে যদি গুঁতিয়ে দেয়? তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি পরিবর্তন করল ভারত।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.