যুক্তরাজ্যের সাত প্রবাসী ব্যবসায়ীকে বাংলাদেশে চক্রান্তমূলক মামলায় হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) সাউথইস্ট রিজিওনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন এম এ আজিজ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী।
সভায় বক্তারা বৈদেশিক মুদ্রা উপার্জনকারী এবং দেশে কর্মসংস্থানের জন্য বিনিয়োগকারী প্রবাসীদের চক্রান্তমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রবাসী বিনিয়োগকারীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষী ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জান-মাল, সহায়-সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে প্রবাসীরা দেশে রেমিট্যান্স প্রেরণ ও কর্মসংস্থানের উদ্দেশ্যে শিল্প স্থাপনায় বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলবে।
বক্তারা পাসপোর্টে দূতাবাস থেকে নো-ভিসা স্টিকার ও পাওয়ার অব অ্যাটর্নি প্রদানে আইনি জটিলতা ও এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
