পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন।
বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে নিজ বাসায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি বলেন,সকালে নাস্তা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। একপর্যায়ে বাসাতেই মৃত্যু হয় তাঁর। বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন। রাজ্যে টানা ৩৪ বছর বাম শাসনের সর্বশেষ কান্ডারি ধরা হয় তাঁকে।
