যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন বাংলাদেশি অপহরণকারীকে ধরিয়ে দিতে এফবিআইয়ের ঘোষিত পুরুস্কার পেতে তৎপর হয়ে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বাংলাদেশি সম্প্রদায়ের অভ্যন্তরে চাঞ্চল্যকর এ অপহরণ মামলার সর্বশেষ আসামি রুহেল চৌধুরীকে (৩৪) ধরতে গত শুক্রবার (১ মার্চ) ওয়েবসাইটে ২০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকা পুরস্কার ঘোষণার পোষ্টার প্রকাশের পর নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদশিদের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুধু পুরুস্কারের আশায় নয়, একজন প্রকৃত আসামিকে ধরিয়ে বা সন্ধান দেওয়া বাংলাদেশিদের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন অনেকেই।
জানা গেছে, নিউইয়র্কের যে এলাকায় বাংলাদেশি অপহরণের ঘটনাটি ঘটেছিলো সেটি জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ে। এ এলাকার একজন বাংলাদেশি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা এ ব্যাপারে খোঁজখবর রাখছি। কোনো সন্ধান পেলেই জায়গামতো খবর পৌঁছে দেবো। প্রবাসে এ ধরনের অপরাধের জন্য আমরা অনেকটাই লজ্জাবোধ করি। তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার প্রবাসী বাংলাদেশি আসিফ আলী জানান, এ ধরনের অপরাধীদের জন্য গোটা বাংলাদেশি কমিউনিটি কলুষিত হচ্ছে। এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রত্যেক বাংলাদেশিদের এগিয়ে আসা প্রয়োজন।
গত ১০ জানুয়ারি নিউইয়র্কে বাংলাদেশিকে অপহরণ মামলার ৬ আসামিকে গ্রেপ্তারের পর একই মামলার সর্বশেষ আসামি রুহেল চৌধুরীকে ধরিয়ে দিতে শুক্রবার ২০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করে এফবিআই। তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
