অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই নতুন সিনেমার কাজ শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ইতোমধ্যেই অংশ নিয়েছেন ‘মাতাল হাওয়া’র রিহার্সালেও। যেটি নির্মাণ করছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
এই সিনেমায় শাবনূরের বিপরীতে দেখা যাবে অভিনেতা মাহফুজ আহমেদকে। এরপরই নতুন আরেক সিনেমা ‘রঙ্গনা’র কাজ শুরু করবেন এই নায়িকা। ইতোমধ্যেই ফার্স্ট লুকও দেখেছেন দর্শকরা। এসবের মাঝেই শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’র সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শুধু তাই নয়,শাবনূরের বায়োপিকও বানাতে চান এ নির্মাতা।
শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণের সেই ঘোষণা দেওয়ার পরেই অজ্ঞাত একজনের কাছ থেকে হুমকি পেয়েছেন এই নির্মাতা। নায়িকাকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে। এবিষয়ে মানিক জানান, হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। শুধু তাই নয়,এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খানও।
