বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে এই প্রথম সিডনিতে মীনা বাজার অনুষ্ঠিত হয়। গতকাল (শনিবার) সিডনির চুরুলাস্থ লিবারটি হিল ক্রিস্টিয়ান সেন্টারে এই মিনা বাজার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়। বিনামূল্যে প্রবেশ ও আশেপাশে গাড়ী পার্কিং এর সুবিধা সহ নয়ানাভিরাম সাজে সজ্জিত মীনা বাজার প্রাঙ্গণে ছিল প্রচুর দর্শক সমাবেশ। আনন্দ উল্লাস, রকমারি পোশাকের স্টল, মুখরোচক খাবার ও গহনার স্টল, শিশুদের ফেজ পেইন্টিং, মেহেদি, যেমন খুশি তেমন সাজোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাঙ্গণ এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
কামরুন চৌধুরী লিন্ডার উপস্থাপনায় বিকেল ৪ টায় অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ও জেনারেল সেক্রেটারি শিরীন আখতার মুন্নি বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যের পর মঞ্চে বিশেষ অতিথিদের বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সৌজন্যমূলক স্কার্ফ পড়িয়ে দেয়া হয়।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজার থেকে সংগৃহীত অর্থ অক্সফাম অস্ট্রেলিয়া, সিডনি চিলড্রেন হাসপাতাল ও ডেইজ ফর গার্লসকে ব্যাংক চেক ও একাউন্ট ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিশু কিশোরদের সান্তনা পুরস্কার ও যেমন খুশি তেমন সাজো ও রাফেল ড্রর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজারের এই আয়োজনের প্রাইম স্পন্সর স্টামফোর্ড এডুকেশন, অরোরা মেডিকেল সেন্টার, ক্যাসুলা সেন্ট্রাল মেডিকেল সেন্টার ও টেলিওজকে কৃতজ্ঞতা জানিয়ে সম্মানসূচক উপহার দেয়া হয়।
সবশেষে আয়োজক কমিটি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
