সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে সাড়াশী অভিযান পরিচালনা করা হবে। শুক্রবার সকালে বান্দরবান জেলা সদরের পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়মে, সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসময় তিনি বলেন,মূলত পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ সম্প্রতি বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। আর তারা তাদের শক্তি প্রদর্শনের জন্য এ ধরণের হামলা চালাচ্ছে।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন,সাম্প্রতিক সময়ে যে হামলা হয়েছে সেখানে বড় ধরণের কোন হতাহতের ঘটনা হয়নি এবং এসকল ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে। সংবাদ সম্মেলন শেষে র্যাবের হেফাজতে থাকা রুমা উপজেলার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয় এবং তাকে নিরাপদে উদ্ধার করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেজাম উদ্দিন ও তার পরিবার।
