ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকান্ডের প্রতিশোধ নিতে- লেবানন, ইরাক ও ইয়েমেনের আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠকে বসছে ইরান। বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ঊর্ধ্বতন এক কমান্ডার নিহত হন। এ দুটি হত্যাকান্ডের পর ইসরায়েল, ইরান ও তাদের ছায়া গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র বলছে, ইরানের ফিলিস্তিনি মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইরাকি প্রতিরোধ বাহিনীর প্রতিনিধিরা তেহরানে বৈঠকে অংশ নেবেন।
