post
এনআরবি বিশ্ব

কুয়েতে দক্ষ শ্রমিক পাঠানোর আহবান প্রবাসীদের

নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কৃষি কাজের জন্য পরিচিত ব্যক্তি, দালাল অথবা এজেন্সির মাধ্যমে অদক্ষ বাংলাদেশি শ্রমিক কুয়েতে আসছে। তাদের আকামার ধরন ১৮ নম্বর আখুদ ভিসা।নিরাপত্তাকর্মীদের ডিউটি ১২ ঘণ্টা, মাসে ১২০ কুয়েতি দিনার বেতন। থাকা মালিকপক্ষ বহন করলেও অন্যান্য খরচ নিজেকে বহন করতে হয়। পরিচ্ছন্নতাকর্মীর ৮ ঘণ্টা ডিউটি, বেতন ৭৫ কুয়েতি দিনার (২৫ হাজার টাকার মতো)। এরমধ্যে খাওয়া খরচ ও মোবাইল বিল বাবদ প্রতি মাসে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা খরচ হয়। এছাড়া কারও চিকিৎসা বা অন্য কোনো কাজে খরচের পরিমাণ বাড়ে। সবকিছু বাদ দিয়ে প্রতি মাসে বেতন থাকে আনুমানিক ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা।ভারত, নেপাল, শ্রীলঙ্কার শ্রমিকরা এই কাজের জন্য ১ লাখ টাকা খরচ করে কুয়েতে আসতে পারে। কিন্তু বাংলাদেশি শ্রমিকরা একই ভিসায় একই কাজের জন্য দালাল অথবা এজেন্সির মাধ্যমে খরচ করে ৫ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা। কোনো শ্রমিক যদি ডবল ডিউটি করতে চায় কোম্পানির ফোরম্যান, সুপারভাইজারকে দিতে হয় ঘুষ, ডিউটি পরিবর্তন করতেও দিতে হয় ঘুষ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করে থাকে এসব শ্রমিক।কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতারা অদক্ষ শ্রমিকদের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের জন্য দক্ষ শ্রমিক পাঠানোয় জোর দিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন। দক্ষ শ্রমিক এলে রেমিট্যান্স বৃদ্ধি পাবে, দেশের রিজার্ভ ফান্ড বাড়বে। তাতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।সম্প্রতি বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, সুখের সংবাদ হলো কুয়েতে দুটি কোম্পানিতে দক্ষ নার্স আসা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪শ নার্স চলে আসবে। এরা যদি ভালো কাজের মাধ্যমে সুনাম অর্জন করতে পারেন, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের দক্ষ শ্রমিক আসার পথ সুগম হবে।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সপ্তাহান্তে এ আয়োজন করা হয়। এ সময়ে বাংলাদেশি, ভারতীয় ও শ্রীলঙ্কান প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। একই সঙ্গে বিনামূল্যে ওষধ প্রদান করা হয়।ক্যাম্পে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন মালদ্বীপ রেড ক্রিসেন্ট মালদ্বীপের (এমআরসি) স্বেচ্ছাসেবকদের সঙ্গে সেবা প্রদানে অংশ নেন। ধারাবাহিকভাবে আগামী শুক্রবার দেশটির রাজধানী মালের কাছে হুলোমালে দ্বীপে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

post
এনআরবি বিশ্ব

মেলবোর্নে বাংলাদেশের ২১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে পাঁচ সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী

মেলবোর্নে গত ২৬ আগস্ট বাংলাদেশের ২১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে পাঁচ সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের এই প্রদর্শনী আয়োজন করছে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি। এই প্রদর্শনী দর্শকদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিকিন ইউনিভার্সিটির কালচারাল হেরিটেজ এবং মিউজিয়াম স্টাডিস বিভাগের অধ্যাপক গেই স্কালথর্প। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল মেম্বার অফ পার্লামেন্ট কারিনা গারল্যান্ড, বাংলাদেশের অস্ট্রেলিয়া ট্রেড কমিশনের পরিচালক মিনহাজ চৌধুরী, অস্ট্রেলিয়া মাল্টিকালচারাল কমিশনের সদস্য সুসান জিন ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও ডিকিন ইউনিভার্সিটির উপাচার্য। প্রদর্শনী আয়োজনের উদ্যোক্তা আর সার্বিক সহযোগিতা করেছেন মেলবোর্ন অভিবাসী শিল্পানুরাগী বাঙালি দম্পতি আতিক ও নিরুপমা রহমান। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি চিত্রশিল্পীদের কাজ সংগ্রহ করে চলেছেন। এই শিল্পানুরাগী দম্পতির ব্যক্তিগত সংগ্রহ থেকে ৩১টি বাংলাদেশি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি। শিল্পীরা হলেন-আব্দুল মান্নান, আব্দুস শাকুর শাহ, অলকেশ ঘোষ, বীরেন সোম, ফরিদা জামান, ফেরদৌসি প্রিয়ভাষীনি, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, কারু তিতাস, কাজী শহীদ, মোহাম্মদ ইকবাল, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কাইয়ূম চৌধুরী, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, শেখ আফজাল ও সমরজিৎ রায় চৌধুরী।

post
এনআরবি বিশ্ব

পরিচয়পত্রহীন কর্মীদের রেমিট্যান্স পাঠাতে সহযোগিতার আহ্বান

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি পরিচয়পত্রহীন (আনডকুমেন্টেড) প্রবাসী কর্মীদের বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে সহযোগিতা প্রদানের জন্য আহ্বান করেছেন রাষ্ট্রদূত।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমীরের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও মিশনের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান মো. সোহেল পারভেজ।সাক্ষাতকালে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সরকারি বিনিময় মূল্যে ডলার প্রদান বা রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঠিক বেতন রশিদ প্রদান করাসহ ডলারে বেতন পরিশোধ করার অনুরোধ জানান।উভয় দেশের মধ্যকার আরও ভালো দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা খোলার জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান হাইকমিশনার।

post
এনআরবি বিশ্ব

দুবাইয়ে ট্যাক্সি চালান বাংলাদেশি শিউলী

চারদিকে উঁচু সুরম্য দালান। রাস্তায় গতিময় নামিদামি গাড়ি। শহরের বাঁকে বাঁকে চাকচিক্য, আভিজাত্য। চোখ ধাঁধানো রোশনাই নিয়ে সন্ধ্যা নামে মায়াবী শহর দুবাইয়ে। সেই আলোর বাগানে বাংলাদেশি অদম্য শিউলীও ছড়ান সুবাস। ঘড়ির কাঁটায় বিকেল ৫টা বাজতেই জ্বলে ওঠে তাঁর জীবিকার গাড়ির হেডলাইট। রাতজাগা পাখি হয়ে ট্যাক্সি চালান দুবাইয়ের পথে পথে। ভোর ৫টায় নেভে সেই আলো। শিউলী আক্তার ফরিদপুরের বোয়ালমারীর বারানখোলা গ্রামের মেয়ে। সংযুক্ত আরব আমিরাতে থিতু, তাও হবে বছর আট। ২০১৪ সালে দেশটিতে পাড়ি জমান এই নারী রেমিট্যান্স যোদ্ধা। দুবাইয়ে পা রাখার পাঁচ মাসের মাথায় বাবাকে হারান শিউলী। তখন থেকেই নিজের ও স্বামীর সংসারের 'চালক'ও তিনি। দুই পরিবারের একক সহযোগী আর অর্থের জোগানদাতা হিসেবে দায়িত্ব তুলে নেন কাঁধে। এই দায়িত্ব পালনে পাচ্ছেন সবার সহযোগিতা। নারীর জন্য বিশ্বের তৃতীয় নিরাপদ শহর দুবাইয়ে বাংলাদেশি প্রমীলা ট্যাক্সিচালক হিসেবে এখন অন্যরকম বিজ্ঞাপন তিনি। প্রতিদিন তাঁর ট্যাক্সিতে ওঠানামা করেন অন্তত ২০ যাত্রী। সংযুক্ত আরব আমিরাতে কর্মস্থলে নারীদের অবাধ স্বাধীনতা থাকায় দুবাই শহরে বাংলাদেশি শিউলী নিজেকে মেলে ধরেছেন আপন আলোয়। দুবাইয়ের যাপিত জীবন আর নানা সংগ্রামের কথা তুলে ধরেছেন সমকালের কাছে। শিউলী জানান, দুবাই আসার প্রস্তুতি নিতে গেলে ২০১২ সালে তাঁকে ঋণ সহযোগিতা দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক। ওই ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ পান তিনি। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই রাখেন আমিরাতে পা। তবে কাজ পেতে আট মাসের মতো সময় লেগে যায়। সে সময় নিজ থেকে বহন করতে হয় থাকা ও খাওয়ার খরচ। কাজে যোগ দেওয়ার পর বদলে যেতে থাকে শিউলীর জীবন। ২০১৮ সাল পর্যন্ত এক কোম্পানিতে নির্ধারিত বেতনে চাকরি করলেও এখন শিউলী কাজ করছেন কমিশনভিত্তিক চুক্তিতে। শিউলী বলেন, শুরুর দিকে আর্থিক সমস্যা তৈরি হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছি। বাবা না থাকায় নিজের পরিবারে যেমন আর্থিক সহায়তা দিতে হয় তেমনি স্বামীর পরিবারের দায়িত্বও নিতে হয়েছে। নিজের আয়ের অংশ দুই পরিবারে ভাগ করে দিচ্ছি। নারীকর্মী হিসেবে আমিরাত সরকারের প্রতি তাঁর রয়েছে বিশেষ কৃতজ্ঞতা। শিউলী বলেন, এখানে নিজের মতো করে থাকা যায়। ইচ্ছে করলে সম্মানের সঙ্গে বাঁচা যায়। যার প্রমাণ আমি নিজেই। দুবাইয়ে কাজ করে গর্ববোধ করি। কারণ, আমাদের যে কোনো বিপদ-আপদে এখানের প্রশাসন, পুলিশ, হাসপাতাল সার্বক্ষণিক সহযোগিতা করে। রাত-দিন ২৪ ঘণ্টা এখানে একই রকম। ভয় সংশয়হীনভাবে কাজ করা যায়। বাংলাদেশেও নারীরা এমন স্বাধীনতা ও সম্মান পেলে গর্বের সঙ্গে যে কোনো পেশায় কাজ করতে পারবে।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি তরুণী হত্যায় স্বামী সুমন গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে বাংলাদেশি নারী শান্তা ইসলাম ওরফে সিনথিয়া শিকদার (২২) হত্যায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শান্তা ইসলামের আত্মীয় দক্ষিণ আফ্রিকা প্রবাসী পলাশ সিকদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার সময় লাইডেনবার্গ পুলিশ একটি জঙ্গল থেকে সুমনকে গ্রেপ্তার করে।লাইডেনবার্গে একটি ভাড়া বাসায় থাকতেন সুমন-শান্তা। ২৮ আগস্ট ওই বাসা থেকে শান্তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। শান্তার দেশের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের ফলপাড়া গ্রামে। সুমন মিয়ার বাড়ি একই জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামে। শান্তার এক আত্মীয়ের বরাত দিয়ে কমিউনিটি নেতা শফিকুর রহমান এর আগে জানিয়েছিলেন শান্তা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। টেলিফোনে সুমনের সঙ্গে বিয়ের পর দক্ষিণ আফ্রিকায় চলে আসেন শান্তা।শান্তার পরিবারের অভিযোগ শান্তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সুমন। বিভিন্ন সময় শান্তার পরিবারকে মোটা অংকের টাকা পাঠাতে বাধ্য করেন সুমন। শান্তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক আলামত পেয়েছে স্থানীয় পুলিশ। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে সুমনকে দু’একদিনের মধ্যে আদালতে বিচারের মুখামুখি করা হবে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে শান্তা ইসলামের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী কমিউনিটি সংগঠন বাংলাদেশ পরিষদ, মুক্তবাংলা ফাউন্ডেশন, টাঙ্গাইল কমিউনিটি অব প্রিটোরিয়া, ইসলামি ফোরাম অব আফ্রিকাসহ বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন।

post
এনআরবি বিশ্ব

মোবাইলে বিয়ে, দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী

দক্ষিণ আফ্রিকায় নিজ বাসায় থেকে শান্তা ইসলাম (২২) নামে প্রবাসী বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার প্রাথমিক আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সুমন মিয়া পলাতক। দেশটির পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সুমন মিয়ার সঙ্গে বসবাস করতেন শান্তা ইসলাম। সিনথিয়া শিকদার নামে এক টিকটক আইডিতে তিনি বেশ সরব ছিলেন।রোববার (২৮ আগস্ট) ঘরের দরজা ভেঙে শান্তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। জানা গেছে, শান্তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার ফলপাড়া গ্রামে। সুমন মিয়ার বাড়ি একই জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামে। নিহত শান্তার এক আত্মীয়ের বরাত দিয়ে কমিউনিটি নেতা শফিকুর রহমান জানান, শান্তা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সুমনের সঙ্গে তার মোবাইল ফোনে বিয়ে হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় সুমনের কাছে চলে আসেন শান্তা।নিহতের পরিবারের অভিযোগ, দক্ষিণ আফ্রিকা যাওয়ার কয়েক মাস পর থেকেই শান্তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সুমন। বিভিন্ন সময় শান্তার পরিবার থেকে ব্যবসার জন্য মোটা অংকের টাকা পাঠাতে বাধ্য করেন সুমন। ওই অর্থ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন সুমন। শফিকুর রহমান বলেন, শান্তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক আত্মীয়কে খোঁজ নিতে পাঠায় তার পরিবার। শান্তার ওই আত্মীয় বাসার দরজা তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে মেঝেতে পড়ে থাকা শান্তার মরদেহ উদ্ধার করে পু্লিশ। তিনি বলেন, কী কারণে এ হত্যা তা এখনো স্পষ্ট নয়। ঘটনা উদঘাটনে তদন্ত করছে স্থানীয় প্রশাসন। ঘটনার পর থেকে সুমন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে ধরতে দক্ষিণ আফ্রিকার পুলিশ কাজ করছে।

post
এনআরবি বিশ্ব

গ্রিসে পোশাক কারখানা গড়ে তুলছেন বাংলাদেশিরা

পোশাক রপ্তানির জন্য সারা বিশ্বেই বিখ্যাত বাংলাদেশ৷ পশ্চিমা দেশগুলোর পোশাকের দোকানগুলোতে সারি বেঁধে ঝুলানো থাকে ‘মেইড ইন বাংলাদেশ’ লোগো লাগানো নানান পোশাক৷ তবে ইরোপের দেশ গ্রিসে দেখা গেল কারখানা গড়ে তুলে পোশাক রপ্তানি করছেন বাংলাদেশি উদ্যোক্তারা৷ ২৭ বছর আগে ইউরোপের দেশ গ্রিসে এসেছেন বাংলাদেশি অভিবাসী নুরুল আমিন দেওয়ান৷ আসার পর কয়েক বছর এখানে কাজ করেছেন তিনি৷ এরপর তার মাথায় আসে পোশাক কারখানা গড়ে তোলার ভাবনা৷ সেই ভাবনা থেকেই তিনি নেমে পড়লেন কাজে৷ গ্রিসের রাজধানী এথেন্সে গড়ে তুললেন ফিমা ফ্যাশনস নামে একটি পোশাক কারখানা৷ ‘‘২৭ বছর আগে আমি গ্রিসে এসেছি৷ এরপর নিজের পরিশ্রমে তিলে তিলে গড়ে তুলেছি এই কারখানাটি,’’ বলেন নুরুল আমিন দেওয়ান৷ নুরুল আমিনের এই কারখানাটিতে বর্তমানে প্রায় দেড়শ শ্রমিক কাজ করেন৷ তাদের অধিকাংশই বাংলাদেশি৷ কারখানা পরিদর্শন করে দেখা গেল সারি সারি মেশিন৷ সেসব মেশিনে দল বেঁধে পোশাক সেলাইয়ের কাজ করছেন শ্রমিকেরা৷ জানা গেছে, শুধু নুরুল আমিন নন, গ্রিসে এমন বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসীই ছোট ও মাঝারি আকারের গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলেছেন৷ আর সেই ফ্যাক্টরিগুলোতে কর্মরতদের বেশিরভাগই বাংলাদেশি৷ বর্তমানে ওই পোশাক কারখানাগুলোয় বেশ কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক কমরত আছেন৷নুরুল আমিন জানান, ইউরোপের ক্রেতাদের অনেকেই আগে চীন কিংবা ভিয়েতনামে কার্যাদেশ দিতেন, এখন তারা গ্রিসের এসব কারখানা থেকে পোশাক কিনতে চাইছে৷ এ কারণে এই কারখানাগুলোতে প্রতিনিয়তই বাড়ছে কাজের চাপ৷ ফলে বাড়ছে শ্রমিকের চাহিদাও৷ তার মতে, গ্রিসের বাংলাদেশি পোশাক কারখানাগুলোতে এই মুহূর্তে ১০ থেকে ১২ হাজার কর্মীর ঘাটতি রয়েছে৷ এদিকে এমন কারখানা গড়ে উঠায় বাংলাদেশ থেকে আসা যেসব শ্রমিক গ্রিসের কৃষিখাতে কাজ করছেন তাদের জন্যও একটি বাড়তি সুযোগ তৈরি হয়েছে৷ কৃষিজমিতে সারা বছর কাজ থাকে না আর তাই কৃষিখাতে কর্মরতদের অনেকেই বছরের একটি নির্দিষ্ট সময় এসব কারখানায় কাজ করতে আসেন৷ তাছাড়া কারখানার কাজে অন্যান্য খাতের তুলনায় আয়ও বেশ ভালো বলে জানা গেছে৷ সাত বছর ধরে গ্রিসে আছেন বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ আসিফ৷ বর্তমানে তিনি নুরুল আমিনের পোশাক কারখানায় কর্মরত৷ তিনি জানান, দৈনিক ১২ ঘণ্টা পরিশ্রম করে তার মাসিক আয় এক থেকে দেড় লাখ টাকা৷ চলাফেরা বাবদ তার মাসিক খরচ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা আর বাকি টাকা তার সঞ্চয় হয়৷বছরের পর বছর ধরে গ্রিসে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই ভুগছেন বৈধ কাজগপত্রের সংকটে৷ দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের৷ এথেন্সের ফিমা ফ্যাশনস নামের পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেও এমন অভিযোগ পাওয়া গেছে৷ দুই বছর ধরে পোশাক কারখানাটিতে কাজ করেন বাংলাদেশের অভিবাসী আলমগির হোসেন৷ তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে৷ আলমগিরের অভিযোগ, নতুন পাসপোর্টের জন্য বাংলাদেশে দূতাবাসে আবেদন করে তিনি মাসের পর মাস ধরে ঘুরছেন৷ ‘‘দুই বছর ধরে পাসপোর্টের জন্য ঘুরতেছি আমি৷ না আমার আবেদন জমা হইতাছে, না আমার কিছু হইতাছে৷ আমি জমা দিয়া আসছি দরখাস্ত, সেই দরখাস্ত হারায়ে ফেলছে৷ এখন আমি আবার দরখাস্ত জমা দিয়ে আসছি৷ এখন বলছে, আপনি অপেক্ষা করেন৷’’ আলমগিরের অভিযোগ, পাসপোর্ট না থাকায় তিনি দেশেও টাকা পাঠাতে পারছেন না৷ সেইসাথে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ভয় তো আছেই৷ আর পাসপোর্ট না থাকায় দেশেও যেতে পারছেন না তিনি৷ পাসপোর্ট পেতে গিয়ে বাংলাদেশি অভিবাসীদের বিড়ম্বনার অভিযোগের বিষয়টি নাকচ করে দেননি গ্রিসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদ৷ তবে তিনি জানান, এ বিষয়ে দূতাবাসের কিছু করার নেই কেননা পাসপোর্ট বাংলাদেশ থেকে প্রদান করা হয়৷সুত্র- ইনফো মাইগ্রান্টস

post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে হৃদরোগে আক্রান্ত হয়ে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হৃদরোগে আক্রান্ত হয়ে আলী হোসেন (৫২) নামের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আবুধাবির হামিম এলাকায় মারা যান আলী হোসেন। স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে বদর জায়েদ হাসপাতালে নিয়ে যায়। এখনো তার মরদেহ ওই হাসপাতালে রয়েছে। টাকা ও মোবাইল পুলিশের জিম্মায় রয়েছে।জানা গেছে, মেয়ের বিয়ের জন্য বাড়িতে টাকা পাঠাতে কর্মস্থল থেকে মানি এক্সেচেঞ্জ অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হামিদ আলী ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল মালেকের ছোট ছেলে আলী হোসেন। তিনি দীর্ঘ ২০ বছর ধরে প্রবাসে ছিলেন। তার স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। আলী হোসেনের ভাতিজা মুহাম্মদ জহির উদ্দিন মোবাইল ফোনে বলেন, চাচাতো বোনের বিয়ের কথা চলছে। শনিবার কাজ শেষ করে বেতন নিয়ে বিয়ের জন্য টাকা পাঠাতে যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর মরদেহ বাড়িতে আনা হবে। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আলী হোসেন ভাইয়ের কফিন বাড়িতে নেওয়ার জন্য সমিতির পক্ষ থেকে প্রক্রিয়া করা হচ্ছে। সমিতির দায়িত্বশীল শহিদ ভাই হাসপাতালে রয়েছেন। দেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এখানে আসার পর মরদেহ দেশের বাড়িতে পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

অবৈধভাবে ভারতে প্রবেশ, ৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৭ আগস্ট) ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচার জেলা থেকে তাদের আটক করা হয়। অবশ্য আটকের পর মানবিক কারণে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তুলে দিয়েছে বিএসএফ। রোববার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সেন্টিনেল আসাম এবং রিপাবলিক ওয়ার্ল্ড।আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, আটককৃতরা অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছিল এবং মানবিক কারণে তাদেরকে পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট একই জেলায় একই ধরনের একটি ঘটনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দুই বাংলাদেশি নাগরিক। পরে তাদেরকে পাঁচ বছরের কারাদণ্ড দেন দক্ষিণ সালমারা মানকাচরের জেলা ও দায়রা আদালত। এছাড়া আবদুল হাই ও নিরঞ্জন ঘোষ নামের ওই দুই বাংলাদেশি নাগরিককে ১০ হাজার রুপি করে জরিমানাও করেছেন আদালত। আদালত আরও বলেছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে উভয় বাংলাদেশি নাগরিককে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।এর আগে গত ১২ আগস্ট ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে আরও তিনজন অবৈধ অভিবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাদেরকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় সেখানকার কর্তৃপক্ষ। তদন্তের সময় জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের বাসিন্দা এবং ২০১৩ সালে অবৈধপথে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। আটককৃত ওই তিনজনকে শয়ন দাস (২৫), নিখিলেশ দাস (৩৪) এবং আমিন মোহাম্মদ চৌধুরী (২৭) নামে শনাক্ত করা হয়েছে। মূলত সন্দেহের ভিত্তিতেই অভিবাসন কর্মকর্তারা তাদের আটক করেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের জুলাইয়ে লোকসভায় জানিয়েছে, ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গত পাঁচ বছরে বাংলাদেশ থেকে যাওয়া ২ হাজার ৩৯৯ জন অবৈধ অভিবাসীকে ভারতে জাল নথি ব্যবহার করতে দেখা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে জানায়, মিথ্যা তথ্য দিয়ে আধার কার্ড বানানো অবৈধ অভিবাসীদের নির্দিষ্ট বিবরণ সামনে এনে যথাযথ আইনি ব্যবস্থা বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.