বাংলাদেশ

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচনী যাত্রা শুরু আ.লীগের

post-img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্য দিয়ে দলটির মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হলো। দলটি শুরু করল তাদের নির্বাচনী যাত্রা।

প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বি এম শাহাবুদ্দিন আজম নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রির কথা ছিল আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা শত শত নেতা–কর্মী সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। এরপর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনোনয়নপত্র সংগ্রহের পর আগত নেতা-কর্মীদের নৌকা প্রতীকের নামে স্লোগান দিতে দেখা গেছে।

যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছিল।

এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনি (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মুঠোফোন নম্বর, বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.