‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ (সুর: শেখ সাদী খান, কণ্ঠ: সুবীর নন্দী) ছাড়ও ‘কথা দাও, কথাগুলো ফেরত দেবে না’ (সুর: অজিত রায়, কণ্ঠ: সুবীর নন্দী), ‘স্বাধীনতা তুমি আমার বাড়িতে এসো’ (সুর: খন্দকার নূরুল আলম, কণ্ঠ: শাম্মী আখতার), ‘স্বপ্ন আমার কাজল পুকুর তুমি’ (সুর: সত্য সাহা, কণ্ঠ: এন্ড্রু কিশোর), ‘যে দেশে বাতাস স্মৃতির স্পর্শে ভারী’ (সুর: আজাদ রহমান, কণ্ঠ: সুবীর নন্দী ও সামিনা চৌধুরী), ‘তোমার প্রিয়তমার কাছে তুমি ছিলে মনোহর’ (সুর: অনুপ ভট্টাচার্য, কণ্ঠ: সামিনা চৌধুরী), ‘কতোদিন পরে দেখা, ভালো আছো তো’ (সুর: খন্দকার নূরুল আলম, কণ্ঠ: হাসিনা মমতাজ ও মোহাম্মদ হান্নান), ‘আমি তোমার ভালোবাসার খাঁচায় ধরা দেবো’ (সুর: দেবু ভট্টাচার্য, কণ্ঠ: রুনা লায়লা), ‘এই পতাকাকে চির করো তুমি’ (সুর: সত্য সাহা, কণ্ঠ: শাম্মী আখতার)-এর মতো বিখ্যাত গানগুলোর গীতিকার জাহিদুল হক আর নেই।
আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল হকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভাগ্নী নোভা। তার বয়স হয়েছিল ৭৫ বছর। জাহিদুল হক বাংলা একাডেমির ফেলো ছিলেন। গান লেখার পাশাপাশি তিনি ছিলেন একজন কবি ও গল্পকার।
নোভা জানান, মাসখানেক আগে স্ট্রোক করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তার মামাকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা আলোচনা করে জাহিদুল হকের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান নোভা।
