ক্রিকেট মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথের কথা এখন সবারই জানা। গত কয়েক বছর ধরে মাঠের লড়াইয়ে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা দেখা যায় টাইগার ও লায়নদের। জাতীয় দলের মতো যুবা দলগুলোতেও একই চিত্র ফুটে ওঠে। যেমনটা দেখা গেলো আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে।
দুবাইতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখিছিল টাইগার যুবারা। লঙ্কানদের বিপক্ষে আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। অপর দিকে সেমিফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে ছিটকে পড়েছে শ্রীলঙ্কা। আর গ্রুপ সেরা হয়েই শেষ চার নিশ্চিত হলো বাংলাদেশের যুবাদের।
বুধবার দুবাইয়ে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে ১৯৯ রানের সাদামাটা পুঁজি দাঁড় করাতে পেরেছিল শ্রীলঙ্কার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরির ফুল ফোটালেন আশিকুর রহমান শিবলী। টাইগার এই ব্যাটারের সেঞ্চুরিতে ২০০ রানের টার্গেট বাংলাদেশ পেরিয়ে গেছে ৫৫ বল বাকি থাকতেই।
