ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-বিসিসিআই। আগেই ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিরিজের বাকি ম্যাচগুলোও খেলবেন না কোহলি। এর আগে সিরিজের প্রথম দুই টেস্টের হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন কোহলি। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তিনি।
তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে না পারা রবিদ্র জাদেজা ও লোকেশ রাহুল তৃতীয় টেস্ট খেলতে দলে ফিরেছেন। স্কোয়াডে নাম থাকলেও তারা খেলতে পারবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করে জানা যায়নি। মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই তারা খেলতে পারবেন। জাদেজা দলে ফেরায় বাদ পড়েছেন অর্থোডক্স স্পিনার সৌরভ কুমার। একই সঙ্গে পেসার মোহাম্মদ সিরাজ ফেরায় বাদ পড়েছেন আভেশ খান।
স্কোয়াডে আছে এক নতুন মুখ। তিনি হলেন, বাংলার স্পিডস্টার খ্যাত আকাশ দিপ। সম্প্রতি ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম শ্রেণির খেলায় দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে তৃতীয় ম্যাচ। এর আগের দু্টি ম্যাচে ১-১ সময় শেষ করেছে ভারত-ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন- রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মো. সিরাজ, মুকেশ কুমার, আকাশ দিপ।
