ইনডোর গেমসের মধ্যে টেবিল টেনিস খুবই জনপ্রিয়। টিটির আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত দাপট রয়েছে এশিয়ার দেশ চীনের। সেই চীনে বাংলাদেশের ২০ জন টিটি খেলোয়াড় মাস দেড়েকের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে খেলোয়াড়দের জন্য এই ব্যবস্থা করেছে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।
চীনে অসংখ্য টেবিল টেনিস একাডেমী রয়েছে। সেই একাডেমীর মধ্যে সবচেয়ে উন্নত ও সেরা একাডেমীতেই বাংলাদেশি খেলোয়াড়দের অনুশীলন করানো হবে। তাদের অনুশীলনের বিষয়টি নিশ্চিতের কথা জানালেন ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর, ‘ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আমাদের নিশ্চিত করেছে চীনের সেরা কোনো এক টিটি একাডেমীতেই আমাদের অনুশীলনের।’
বাংলাদেশের ২০ জনের আবাসন ও খাবার ব্যয় চীনের বহনের বিষয়টি নিশ্চিত হলেও যাতায়াত ব্যয়ের ব্যাপারটি এখনো আলোচনাধীন।
