পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যেকোনো মুহূর্তে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে। এজন্য তারা কয়েকশ’ লোককে ভেরিফাইও করেছে।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে, তাদের মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি আছে। কিন্তু যারা ২০১৬ সালের আগে এসেছে, তাদের নিয়ে যেতে রাজি নয়। এরইমধ্যে মিয়ানমার যেসব রোহিঙ্গার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে, তাদের যেকোনো মুহূর্তে দেশে নিয়ে যেতে পারে।’
যারা ২০১৬ সালের আগে এসেছিল তাদের সংখ্যা ৩৩ হাজার উল্লেখ করে তিনি বলেন, ‘মিয়ানমার তাদের না নিলে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ রোহিঙ্গা নিয়ে যাচ্ছে, সেসব দেশকে পুরোনো রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা হবে। ’
প্রসঙ্গত, আজ ৮ ডিসেম্বর প্রথম পর্যায়ে ২৪ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।
