পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে নগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গিকার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা।
সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টায় কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় নগর উদ্যানের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান মেয়র তাহসিন বাহার সূচনা।
কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে প্রবেশের সময় লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনাকে বরণ করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
তাসিন বাহার সূচনা আরও বলেন, 'মেয়র নই আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে কাজ করবো।'
মেয়রের দায়িত্বভার গ্রহণকালে ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদি, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, মেয়র তাহসিন বাহার সূচনার মা বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন্নেসা বাহারসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদটিশূন্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে ৯ মার্চ মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন ডা. তাহসিন বাহার। গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে শপথ পাঠ করেন তিনি।
তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যৈষ্ঠ কন্যা। এ ছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
