দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে দিনটিকে কালো দিন ঘোষণা করেছে এবি পার্টি। একই সঙ্গে দলটির পক্ষ থেকে স্বেচ্ছায় লকডাউন কর্মসূচি পালন করারও আহ্বান জানানো হয়। দলটির দাবি করেছে, তাদের আহ্বানে অভূতপূর্ব সাড়া দিয়ে জনগণ ভোট দিতে যায়নি,রাস্তায় বের হয়নি। কেন্দ্রগুলো ছিল ফাঁকা। এজন্য সারাদেশের জনগণ অভিনন্দন জানায় দলটি।
রোববার দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জনগণকে ধন্যবাদ জানান এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। এসময়ে তিনি বলেন, আজ ভোট কেন্দ্রে রয়েছে সরকারের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। ভোটারদের দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কিছু কুকুর, বানর, ভেড়া, ছাগল। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।এ সময় আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিমান হামলার সাইরেন বাজালে যেমন মানুষ ঘরে আবদ্ধ থাকে, সুনসান নীরবতা তেমনি আজকের রাস্তা ঘাটও জনমানবশূন্য। আওয়ামী লীগের কিছু দালাল ও সুবিধাভোগী বেওয়ারিশ কুকুর, বানরের সঙ্গে ভোট কেন্দ্রে গিয়েছে। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে এই একতরফা নির্বাচনের মধ্যেও নির্লজ্জ আওয়ামী লীগ ব্যালট পেপারে সিল মারার উৎসবে মেতেছে।
