হারুন উর রশিদ : কারিগরি ও কর্ম উপযোগী শিক্ষা একটি দেশের শিল্প উন্নয়নের জন্য দক্ষ কারিগরি জ্ঞানে শিক্ষিত ও অভিজ্ঞ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাস্তবসম্মত শিক্ষা ও দক্ষতা অর্জনের লক্ষ্যে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্লাস শুরু হয়েছে।
মঙ্গলবার (২রা জুলাই ) রাজধানীর গ্রীনরোড পান্থপথে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি কার্যালয়ে সারাদেশের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদী ‘স্কিল ডেভেলপমেন্টে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের প্রায় ১৫টি কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
পিপলএনটেকে আগত সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন," পিপলএনটেক এমন একটি আইটি প্রতিষ্ঠান যারা শুধু কোর্স করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, কোর্স শেষে তাদের চাকরি নিয়ে চিন্তা করতে হয় না'।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'আপনারা কোর্স শেষ করে নিজেকে অভিজ্ঞ হিসেবে গড়ে তুলুন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করে দিবো'।
প্রশিক্ষণ শেষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের দক্ষ শিক্ষার্থীদের জন্য পিপলএনটেক সহ অন্যান্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিওও আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, পিপলএনটেকের ডেপুটি ম্যানেজার শেখ আহমেদ, সফটওয়্যার ডেভেলপমেন্টের টিম লিডার হাফিজুর রহমান , সিনিয়র এক্সিকিউটিভ নূর নবী, সিনিয়র এক্সিকিউটিভ মনজুরুল ইসলাম ও আশরাফুল মোরশেদ সহ অনেকে।
