রিয়াল মাদ্রিদের জার্সিতে রদ্রিগো সেরা ফর্মে আছেন। ২০১৯ সালে স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথমবার টানা তৃতীয় ম্যাচে গোল করেছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। গতকাল তার দুটি গোলের মধ্যদিয়ে ৩-০ গোলে কাদিজের মাঠে জিতেছে মাদ্রিদ ক্লাব।
অপরদিকে উড়তে থাকা জিরোনাকে এক পয়েন্টে পেছনে ফেলেছে রিয়াল। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেলো মাদ্রিদ ক্লাব। এক নম্বর স্থান পুনরুদ্ধার করতে সোমবার অ্যাথলেটিক বিলবাওকে ঘরের মাঠে খেলবে জিরোনা (৩৪)।
