সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ সম্পর্কিত নীতিমালা শিথিল করে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, যেকোনো দেশ থেকে আসা একজন নাগরিক যেকোনো ভিসায় সহজে ও স্বস্তির সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম, ইভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে,ভিসা যে ধরনেরই হোক,ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ পালনের অনুমতি পেতে আগ্রহী ব্যক্তিদের নুসুক অ্যাপ ব্যবহারে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ। পবিত্র মসজিদুল হারামে একজন মুসল্লি কখন ওমরাহ পালন করতে চান, সেটি অ্যাপে উল্লেখ করতে বলা হয়েছে।
