ঢাকার সংসদীয় আসনগুলোর নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে কমিশন। এসময় সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি বদ্ধ পরিকর। এদিকে, নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিয়ে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কমিশনের আলোচনা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ঢাকার ২০টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন।
এসময় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থীরা, আশ্বাস দেন সবধরনের সহযোগিতার। এর আগে, ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করে ইসি।
বৈঠক শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, সহিংস পরিবেশ এড়িয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সচেষ্ট থাকবে আইনশৃঙ্খ্লা বাহিনী।
এদিকে, দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশনারবৃন্দ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা প্রকাশ করেন তারা।
