ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় আরও অগ্রগতি হওয়ার কথা জানিয়েছে আয়ারল্যান্ড ও নরওয়ে।
দেশ দুটি বলছে, তারা স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রী আলাদা করে এমন আশাবাদ জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রীও বলেছেন, তাঁর দেশ ফিলিস্তিনকে দ্রুত স্বীকৃতি দিতে চায়। ডাবলিনে সানচেজের সঙ্গে বৈঠকের পর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ড দ্রুতই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়। তবে স্পেনসহ আরও ইউরোপীয় দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ পদক্ষেপ নেওয়া হবে।
