যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এতে ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। তবে ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। গত ৩১ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন বাইডেন। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। তবে,এমন সময় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো, যখন ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার অর্ধেক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে, ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি।
