ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ফলাফলে সবাইকে অবাক করে শীর্ষস্থান দখল করেছে বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে কট্টর ডানপন্থি ন্যাশনাল রেলি আরএন ঐতিহাসিক জয় পেলেও, এ পর্বে তারা তৃতীয় হওয়ায় কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর মধ্যপন্থি এনসেম্বল জোট দ্বিতীয় স্থান অধিকার করেছে। রোববারের ভোটের রাতটি ফ্রান্সের সবার জন্য অপ্রত্যাশিত বার্তা নিয়ে আসে। পার্লামেন্ট নির্বাচনে যেমন ফলাফল আসবে বলে ধারণা করা হয়েছিল হয়েছে তার উল্টোটা। আনুষ্ঠানিক ফলাফলে কট্টর ডানপন্থিদের হতাশ করে জয় পায় বামপন্থিরা। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ফ্রান্স। আর এই তিন জোটের একসঙ্গে কাজ করার কোনো ঐতিহ্য নেই, বলে জানিয়েছে বিবিসি।
