বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি বা বাগডিসি আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়ে গেল গত ৫ জুন রবিবার।
আলেকজান্দ্রিয়া ফ্রন্ট হান্ট পার্কে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন।
সুশৃংখল এ আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে সাংস্কৃতিক পর্ব। ছোট-বড় ছেলেমেয়েদের জন্য ছিলো নানান ধরনের খেলা বা প্রতিযোগিতা। সঙ্গে উপহারতো ছিলোই।
আর ছিলো রাফেল ড্র। তাতে টেলিভিশনসহ নানান লোভনীয় পুরস্কার।
বাগডিসির এ বনভোজন সকলের জন্য ছিলো ফ্রি। তাদের জন্য ছিলো প্রচুর খাবারের আয়োজন।
গরুর মাংস, মুরগির মাংস, ডাল-ভাত ছাড়াও ছিল প্রায় ১৫ পদের বাঙালি ভর্তা ভাজি । মিষ্টি ,চানাচুর, চা সাথে গরমের সময়ে উপযোগী তরমুজ।
এইদিন ফ্রন্ট হান্ড পার্ক পুরোদস্তুর বাঙালি সাজে সেজেছিলো। তবে সবচেয়ে চোখে পড়ে আয়োজকদের গোছানো ব্যবস্থাপনা আর সকলের সুশৃংখল অংশগ্রহণ।
বাংলাদেশ থেকে আসা সবার প্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী সংগীতের মূর্ছনা আর স্বনামধন্য নৃত্যশিল্পী লায়লা হাসানের উপস্থিতি ও বাগডিসি পরিবারের জন্য তার নৃত্য পরিবেশনা বনভোজনে অনন্য মাত্রা যোগ করে।
ওগো মা ,দূরে কেন বলো না, মাগো মা॥
এই গানের মধ্যে দিয়ে বনভোজন শেষ হলেও শিল্পী দিনাত জাহান মুন্নী তার শাশুড়ি মাকে মাত্র একদিন আগে হারাবার যে কষ্ট বুকে চেপে শিল্পীর দেয়া কমিটমেন্ট রক্ষা করেন তা ছিলো সকলের মুখে মুখে।
কিন্তু মাকে উৎসর্গ করে গাওয়া গানটির শেষ করতে পারেননি দিনাত জাহান মুন্নি... এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তার এই হারানোর বেদনায় সমব্যাথি ছিলো বাগডিসি পরিবারও।
তবে ভালোবাসা ,শান্তি-সম্প্রীতি শৃঙ্খলা ,আনন্দ উৎসব এবং কমিটমেন্ট সবকিছু মিলে মিশে একাকার হয়েছিল বাগডিসি পরিবারের এই বনভোজনে। পুরো ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় বসবাসরত প্রবাসী বাঙালিরা মন খুলে উপভোগ করছেন বনভোজনের এই দিনটি।
