বাংলাদেশ

এক নিমিষেই শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট

post-img

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ শুক্রবার প্রথম দিন দেওয়া হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট। তবে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের অগ্রিম টিকিট। বিশেষ করে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহীসহ উত্তরবঙ্গগামী কোনো ট্রেনেরই টিকিট নেই বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। ফলে টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগের খবর চোখে পড়েনি। তবে কিছু মানুষ আছেন, যাঁরা অনলাইনে টিকিট দেওয়ার বিষয়টি জানেন না, তাঁরা কমলাপুর স্টেশনে এসে ঘুরে গেছেন।

রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। আজ প্রথম দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪ হাজার ২৪৫টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আছে বেশি সিলেট অঞ্চলের টিকিট।

জানতে চাইলে রেলের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, প্রথমবার সব টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। সাধারণ মানুষের টিকিট কাটা নিয়ে ভোগান্তি একেবারেই নেই। টিকিটের জন্য স্টেশনে রাতভর অপেক্ষা করতে হয়নি যাত্রীদের। মানুষ স্বাচ্ছন্দ্যে অনলাইনে টিকিট কাটতে পেরেছেন। অনলাইনে টিকিট কাটতেও জটিলতা ছিল না।

তবে যেসব ট্রেনের টিকিটের চাহিদা বেশি, সেগুলো নিমেষেই শেষ হয়ে গেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা বেশি থাকায় কয়েক মিনিটের মধ্যেই কিছু কিছু ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও সিলেট এর ট্রেনের টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.