বাংলাদেশ

বাংলাদেশে একের পর এক বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, ভয়াবহ লোডশেডিংয়ের আশঙ্কা

post-img

আজ থেকে বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র – যুগান্তরের অন্যতম শিরোনাম এটি।

খবরে বলা হয় আজ থেকে পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে দেশের বৃহত্তম ও সর্বাধুনিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়লা সংকটে ২৫ মে এর একটি ইউনিট বন্ধ হয়েছিল। কয়লার মজুত ফুরিয়ে যাওয়ায় অবশিষ্ট ইউনিটও বন্ধ হতে যাচ্ছে। এ নিয়ে কয়েক দফা বৈঠকেও সমাধান মেলেনি।

বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হলে জাতীয় গ্রিডে অন্তত ১২শ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা রয়েছে। এতে দেশে ভয়াবহ লোডশেডিং দেখা দিতে পারে।

সংশ্লিষ্টরা জানান, মূলত ডলার সংকটে বিদেশ থেকে কয়লা আনা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বাকিতে কয়লা এনে বিদ্যুৎকেন্দ্রটি সচল রাখা হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির দেনা প্রায় ৩৬ কোটি ডলার। এই বকেয়া পরিশোধ না করলে নতুন করে কয়লা আনা সম্ভব হবে না।

এই গরমে লোডশেডিং চরমে - দেশ রুপান্তরের শিরোনাম। খবরে বলা হয় টানা চার দিন ধরে বাড়ছে তাপমাত্রা। গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু বিদ্যুতের উৎপাদন সে তুলনায় না বাড়ায় লোডশেডিং ক্রমে বাড়ছে।

আগে রাজধানী ঢাকায় লোডশেডিং তেমন না হলেও এখন বিভিন্ন এলাকায় চার-পাঁচবার করে পাঁচ-সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ঢাকার বাইরের শহরে এবং গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও ১২ থেকে ১৫ ঘণ্টা লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের অনেকে অসুস্থ হয়ে পড়ছে।

বাজেট নিয়ে গতকাল দুটি সংবাদ সম্মেলন হয়েছে। একটি আয়োজন করে অর্থ মন্ত্রণালয়, আর অন্যটি সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। এ দুটি সংবাদ সম্মেলনের খবর ঘিরেই প্রধান শিরোনাম করেছে সংবাদপত্রগুলো।

দৈনিক যুগান্তর তাদের প্রথম পাতায় পাশাপাশি দুটি শিরোনাম করেছে এই দুই সংবাদ সম্মেলন ঘিরে। একটা হল আইএমএফের পরামর্শ নেই - বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী।

যেখানে বলা হচ্ছে প্রস্তাবিত বাজেটে আইএমএফকে প্রাধান্য দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই-আইএমএফ’র পরামর্শে বাজেট দেওয়া হয়নি। সার্বিকভাবে তারা পরামর্শ দিয়েছে। তবে যেটুকু গ্রহণযোগ্য তা নেওয়া হয়েছে।

অন্যদিকে সিপিডির বাজেট মূল্যায়ন ঘিরে যুগান্তরের শিরোনাম আইএমএফের শর্তের প্রতিফলন রয়েছে। এখানে বলা হয় বাজেটে সরকারের বিভিন্ন পদক্ষেপে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের প্রতিফলন দেখা যাচ্ছে।

Budget not shaped under IMF conditions: govt অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন নিয়ে ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম এটি।

শুক্রবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কোন শর্ত মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। তবে খবরে বলা হয় এই বাজেটের অনেক প্রস্তাবই সরাসরি ৪.৭ বিলিয়ন ইউএস ডলার ঋণের সাথে সম্পর্কিত।

আইএমএফের শর্ত মেনে বাজেট নয়, তবে তাদের পরামর্শ ভালো : অর্থমন্ত্রী – এমন শিরোনাম দৈনিক সংবাদের।

তাদের খবরে বলা হয় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের শর্ত বা পরামর্শের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে আইএমএফের তদারকি বা পরামর্শ ‘ভালো’ বলেই মনে করছেন অর্থমন্ত্রী।

সূত্র - বিবিসি

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.