লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার দুপুরে ইসি থেকে এ সংক্রান্ত একটা চিঠি জারি হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলো।
পবনের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে বদলির হুমকি দিয়েছিলেন। এজন্য তাকে তলব করেছিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম সই করা প্রার্থিতা বাতিল সংক্রান্ত একটি চিঠি পবন বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়, লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য ভাষায়, আপত্তিকর ও অশোভন কথা বলেছেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিনদিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ভয়-ভীতি দেখান।
