কাতারসহ বিভিন্ন দেশে রয়েছে প্রায় দেড় কোটি বাংলাদেশী। জীবিকার তাগিদে হাজার মাইল দূরে থাকা এ প্রবাসীদের ভরসার মাধ্যম হয়ে উঠেছে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিগুলো। নিজেদের প্রয়োজনে নিজেদেরই চেষ্টায় গড়ে তোলা এ সংগঠনই যেন অসহায় প্রবাসীদের আশ্রয়স্থল। কাজ থেকে শুরু করে মৃতের দাফন,সকল সমস্যা সমাধানে কাজ করে এ সংগঠনগুলো।
কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে উঠে আসে এসব তথ্য। মধ্যপ্রাচ্যের ধনীক দেশ কাতার। ২০২২ বিশ্বকাপ ফুটবলের একক আয়োজনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছিল নিজেদের অর্থের ঝনঝনানি। করোনা মহামারীর মধ্যেই বিশ্ব এ আসরকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছিল বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শ্রমিকদের।
তবে দেশটিতে অবকাঠামোগত উন্নয়ন শেষ হয়ে আসায় বাংলাদেশীরা পড়েছেন কাজের চরম সংকটে। ভাগ্যের সন্ধানে ঝুঁকি নিয়ে যাওয়া এ প্রবাসীদের ভরসার একমাত্র যায়গা এখন বাংলাদেশী কমিউনিটিগুলো।বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই কাতারে কমছে বাংলাদেশীদের কাজের ক্ষেত্র। তবে তারপরও দেশটিতে প্রবাসীদের কাজের অপার সম্ভাবনা রয়েছে বলে জানান বাংলাদেশী এ কমিউনিটি নেতা।প্রায় ৪ লাখ বাংলাদেশী বসবাস করছে আরবের ছোট্ট দেশ কাতারে। কাজের সংকটসহ নানান সমস্যায় থাকা এ রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাড়ানোর জন্যে সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।
